
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেখ ট্রেডার্সে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সাইদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের জ্যোসনা ট্রেডার্সে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন মোড়কজাত খাদ্যপণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিপদ দাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপূর্ব মিষ্টান্ন ভান্ডারে দই তৈরিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শ্যাম বর্মনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে পণ্যের মান ও মূল্যতালিকা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।