
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপি মনোনীত মুন্সিগঞ্জ-১ আসনের (শ্রীনগর–সিরাজদিখান) সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, “আমাদের লড়াই ব্যক্তি নয়, প্রতীকের জন্য। আমরা সবাই ধানের শীষকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সামনে দিনগুলোতে আরও জোরালো প্রচারণা চালাব।”
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকায় তাঁর নিজ বাসভবনের আঙিনায় আয়োজন করা হয় এই মতবিনিময় সভার।
পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীনগর বিএনপির দপ্তর সম্পাদক মো. সফিউল আলম খান আজম এবং গীতা পাঠ করেন কৌশিক মণ্ডল আকাশ।
শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক কাজী নজরুল ইসলাম বাবুল, মোজাম্মেল হোসেন সজল, ইমতিয়াস উদ্দিন বাবুল, আওলাদ হোসেন প্রমুখ।
এ ছাড়া সিরাজদিখান ও শ্রীনগরের বিভিন্ন এলাকার আরও সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সংগঠিত প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।