
মোরসালিন রহমান :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা মৌজায় নন্দনকোনা বাজারের পূর্ব পাশে সরকারি জায়গা বালু ভরাটের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে শেখ গনির ছেলে মো বাদশা ও রাজা মিয়া দুই ভাইয়ের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা মৌজার আরএস ২৯৬ দাগের জমিটি দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি হিসেবে তালিকাভুক্ত। সম্প্রতি বাদশা ও রাজা মিয়া ওই জায়গায় বালু ফেলে ভরাটের মাধ্যমে দখল করছে।
অভিযুক্ত বাদশা বলেন, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সরকারের জায়গায় একটা দোকান পরছে ওটা ভরাট করিনি। নিজস্ব জায়গা ভরছি। এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। দাদার জমি। এখন পর্যন্ত আমরা দলিল করিনি।
এ বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, জমি সংক্রান্ত বিষয়গুলো এসিল্যান্ড মহোদয়ের হস্তক্ষেপ প্রয়োজন। এখানে কাগজপত্র ও প্রশাসনিক বিষয়ে রয়েছে । আর প্রশাসন থেকে এখন পর্যন্ত আমাকে এই ধরনের কোন বিষয় জানানো হয়নি।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল বারি বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। সরজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।