
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকায়
মুন্সিগঞ্জ বিডি ব্লাড ডোনেটের কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ (প্রেসার) পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং ওজন পরিমাপ করা হয়।
এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রয়োজন অনুযায়ী সেবাগ্রহীতাদের স্বাস্থ্যপরামর্শও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগ নীরবে বাড়ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে অনেকেই ঝুঁকির মধ্যে পড়ছেন।
এ প্রেক্ষাপটে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে তা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান।
মুন্সীগঞ্জ বিডি ব্লাড ডোনেটের প্রতিষ্ঠাতা মাহি ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট সাইফুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন মো. সোহাগ, হাসানুর রহমান দিপু, মো. নাজমুল, নাহিদ হাসান, মো. জিসান, দিপু, মনি, পাপিয়া আক্তার, মো. নাহিদ হাসনান, মো. জসিম, মো. ওমর সানি এবং হাফেজ কাউসার আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ভবিষ্যতেও মুন্সিগঞ্জ বিডি ব্লাড ডোনেটের পক্ষ থেকে নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচিসহ নানা সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।