
সিরাজদিখান প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজদিখান উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর এই গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সোমবার সকাল ১০ টায় বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া এলাকায় পথসভার মাধ্যমে কর্মসূচি শুরু করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর বেলা ১১ টায় গোবরদী এলাকায় আরেকটি পথসভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় বয়রাগাদী ইউনিয়নে একটি নির্বাচনি সভায় বক্তব্য দেন তিনি। এসব সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলেন।
দুপুর ১২ টার দিকে তিনি মালখানগর ইউনিয়নের ফেগুনাসার শিব মন্দির এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এরপর বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত মধ্যপাড়া ইউনিয়নের দামালিয়া, তিন্নাতলা, রমনা মার্কেট ও দফেদারবাড়ী এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসব এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। গণসংযোগকালে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে নিজেকে উপস্থাপন করেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর সরাসরি একজন প্রার্থীকে কাছে পেয়ে তাঁরা নিজেদের কথা বলার সুযোগ পেয়েছেন। দিনব্যাপী এই গণসংযোগে এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।