
মো. শফিকুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মুন্সিগঞ্জে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের নিয়ে একটি বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনের দিন মাঠ পর্যায়ের পুলিশি কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণের মাধ্যমে বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা।
প্রশিক্ষণ সেশনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে মাঠ পর্যায়ের প্রতিটি ঘটনা সরাসরি মনিটরিং করা সম্ভব হবে, যা যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং পুলিশের অপারেশনাল গতি বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের এই ক্যামেরা ব্যবহারের কারিগরি দিকগুলো হাতে-কলমে শেখানো হয়।
পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম মহোদয় নিজ কার্যালয়ে স্থাপিত মনিটরের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে পর্যবেক্ষণ করেন। এই প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের সক্ষমতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা