
মো. শফিকুল ইসলাম
আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক তদারকি ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
এসময় জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কিশলয় স্কুল এবং মুন্সিগঞ্জ কলেজ ঘুরে দেখেন। তিনি শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদানের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের শিক্ষামান সরাসরি যাচাই করেন। এসময় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে পাঠদান আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এছাড়াও পরিদর্শনকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও করণীয় বিষয়ে অবহিত করা হয়। জেলা প্রশাসক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনার মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও উন্নত হবে এবং গণভোটসহ বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে।