
মিলন হাওলাদার:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। স্থানীয়দের ভাষ্যমতে, তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ সংলগ্ন মাওয়ামুখী সার্ভিস লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ঢাকার দিক থেকে আসা একটি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ধরে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা কোনো অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, অথবা অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান,
“দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে পড়ে থাকা দুইজনের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কা বা অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।