
আসিফ বাঁধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর বিজয় নিশ্চিত করতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কালিনগর এলাকায় এক বিশাল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিয়াম মার্কেটের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আগামীকাল থেকে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হতে যাচ্ছে। শেষ সময়কে ঘিরে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কালিনগরে অনুষ্ঠিত এই মিছিলে যুবক থেকে শুরু করে শিশু-কিশোর ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধানের শীষের স্লোগানে মুখরিত পুরো এলাকা যেন পরিণত হয় নির্বাচনী উৎসবে।