
সিরাজদিখান প্রতিনিধি
চলতি মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ ১ সিরাজদিখান শ্রীনগর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তাঁর পক্ষে গণসংযোগ করেন তাঁর কর্মী সমর্থক ও শ্রমিক দলের নেতাকর্মীরা। সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড়বর্তা, কুচিয়ামোড়া কলেজগেট ও কুচিয়ামোড়া বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তারা। পরে কেয়াইন ২ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল বের করা হয়।
গণসংযোগকালে কর্মী সমর্থক ও শ্রমিক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। শেখ মোহাম্মদ আব্দুল্লাহর রাজনৈতিক, আর্থিক ও ব্যক্তিত্বের স্বচ্ছতার দিক তুলে ধরে নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি মুন্সীগঞ্জ ১ আসনের সাংসদ নির্বাচিত হলে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার উন্নয়ন, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও দাবি বাস্তবায়নে কাজ করবেন বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তারা। এছাড়া বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণ কী কী সুবিধা ভোগ করতে পারবে সেটিও তুলে ধরেন তারা।
গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, কেয়াইন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মোল্লা, উপজেলা শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবু হোসেন, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ, যুবদল নেতা আরিফ মোড়ল, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. দিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রয়েল হাসান, শ্রমিক নেতা মো. শাহাদাত, মো. মিয়া হোসেন, মো. আবু তাহেরসহ উপজেলা শ্রমিক দল ও কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ।