“একটা ভোট আমাকে ভিক্ষা দেন। আমি মরার আগ পর্যন্ত আপনাদের সাথেই থাকতে চাই”—আবেগঘন কণ্ঠে এমন আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি বলেন, “আমি জনগণ নিয়ে রাজনীতি করি, জনগণ নিয়েই থাকব। কারও উপর ফুলের টোকা পড়ার আগে তা আমার উপর পড়তে হবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নগরকসবা ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় মো. মহিউদ্দিন আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার রক্ষাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি দাবি করেন, ক্ষমতার লোভ নয়—মানুষের পাশে থাকা এবং জনদুঃখ-কষ্ট লাঘব করাই তাঁর অঙ্গীকার। “আমি কারও বিরুদ্ধে নয়, আমি জনগণের পক্ষে,”—এমন বক্তব্যে সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে জন সভা স্থল।
তিনি বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের প্রতিটি গ্রাম ও মহল্লার মানুষের সুখ-দুঃখে তিনি অতীতেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। নির্বাচনে জয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আপনাদের আস্থাই আমার পথচলা।