
নিজস্ব প্রতিবেদক
সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৯ নভেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় ক্যাম্পটি উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এ ক্যাম্পে আগত রোগীদের জন্য থাকবে বিনামূল্যে ওষুধ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন নির্ণয়সহ মৌলিক স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া নারী ও পুরুষ রোগীদের জন্য ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করবেন।
মেডিকেল ক্যাম্পটি সহযোগিতা করছে সিরাজদিখান ব্লাডব্যাংক, আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার বলেন, মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের কার্যক্রম আয়োজন করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের সহযোগিতায় চমৎকার আয়োজন হবে আশা করছি।