
মো. রুবেল বেপারী:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইয়ান ইউনিয়নের নিমতলা ব্রিজের নিচে প্রতিনিয়ত ময়লা ফেলার কারণে খালের প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ চোখে পড়লে মনে হবে যেন ময়লার ভাগাড়। অথচ একটু সামনে এগোলেই দেখা যায় প্রবাহমান নদীর স্বচ্ছ জল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালের মুখে অবাধে ময়লা-আবর্জনা ফেলায় ধীরে ধীরে খালটি ভরাট হয়ে যাচ্ছে। এতে নদীর সঙ্গে খালের প্রাকৃতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সচেতন মহল আশঙ্কা করছে, এভাবে অব্যাহতভাবে ময়লা জমতে থাকলে একসময় নদীর অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।
তারা বলেন, “এটা শুধু একটি খাল নয়, পুরো নদীর প্রবাহের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে।”
এ বিষয়ে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও স্থানীয় জনগণের সচেতনতা জরুরি বলে মনে করছেন পরিবেশ সচেতনরা।