
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাজী কমর উদ্দিন গভঃ ইন্সটিটিউটে নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের দেশ পরিচালনার মূল শক্তি। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষা ও ক্রীড়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি সৃজনশীলতা, সামাজিক ও মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা, বিনয় ও ন্যায়বিচারবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষা ও ক্রীড়ায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্ণাঢ্য এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।