
শোভন সারোয়ার
স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ ম্যাপ গ্রুপ-এর উদ্যোগে “সংযোগ প্রকল্প”-এর আওতায় নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বেলা ৩.৩০ মিনিটে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর মধ্যপাড়া (মুস্তফাগঞ্জ) এলাকায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদ আহমেদ বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক মো. সিয়াম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়ুথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ। সংযোগ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, এ কাঠের সেতু এলাকাবাসীর দৈনন্দিন চলাচল সহজ করবে এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে।
যুবদের সামাজিক দায়িত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিষয়ে আলোচনা করেন চাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার হোসেন শোভন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে তরুণদের দক্ষ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভুঁইয়া।
মসজিদ কমিটি সভাপতি মারুফ হাওলাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ুথ ম্যাপ গ্রুপের সহ- সাধারণ সম্পাদক মো. সুমন শেখ, তথ্য ও যোগাযোগ সম্পাদক সাকিবুল ইসলাম, সদস্য রেদোয়ান আহমেদ হৃদয় প্রমূখ। নবনির্মিত সেতুটি এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।