
আসিফ বাঁধনঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারের মুদি, ফল ও মাংস ব্যবসায়ীসহ মোট ৬ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোট ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অধিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।