
স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ‘ফুটবল’ মার্কার সমর্থনে আয়োজিত মিছিল, পথসভা ও গণসংযোগে সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারী) সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নিজাম মুন্সীর নেতৃত্বে মোল্লা কান্দি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজারগুলোতে ফুটবল মার্কার সমর্থনে প্রচারণা চালানো হয়েছে। এসময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রচারণা শেষে একটি বিশাল মিছিল বালুচর বাজার প্রদক্ষিণ করে। মিছিল থেকে ‘মমিন আলীর সালাম নিন, ফুটবল মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।