
সিরাজদিখান প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুল রহমান খান।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী দাখিলকৃত কাগজপত্র যাচাই করেই মনোনয়নপত্র বৈধ ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়ন বৈধ হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীরা এখন পরবর্তী নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন।