
নিজস্ব প্রতিবেদক- মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে আগের মতোই ৪টি করে সংসদীয় আসন রাখার দাবি জানিয়েছেন জেলা দুটির প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান। মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ‘২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি।’এদিকে মুন্সীগঞ্জের নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনি মল্লিক বলেন, ‘মুন্সীগঞ্জে এখন তিনটি আসন রয়েছে। এ আসনসংখ্যা বাড়িয়ে ২০০১ সালের মতো চারটি আসন করার জন্য দাবি জানিয়েছি। সেই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলোও তুলে ধরেছি।’ এদিন ঢাকা অঞ্চলের ছয়টি জেলার ২৮টি আসনের দাবি-আপত্তির শুনানি করা হয়। আসনগুলো হলো– মানিকগঞ্জ-১, ২ ও ৩; মুন্সীগঞ্জ-১, ২ ও ৩; নরসিংদী-৩, ৪ ও ৫; গাজীপুর-১, ২ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ এবং ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯।
ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, গতকাল শুনানিতে ছয়টি জেলার ২৫৯টি আপত্তি (বিপক্ষে) এবং ৫০টি পরামর্শ (পক্ষে) মোট ৩০৯টি আবেদনের নিষ্পত্তি করা হয়।