
মো. শফিকুল ইসলাম
বাস্তব প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মুন্সিগঞ্জ জেলায় যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ জেলা পুলিশের সঙ্গে সংযুক্ত হন।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন শেষে পুলিশ প্রবিধান–৭৯০ অনুযায়ী ছয় মাস মেয়াদি বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের মুন্সিগঞ্জ জেলায় পদায়ন করা হয়।
মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম নবাগত দুই কর্মকর্তাকে জেলায় স্বাগত জানান এবং পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জানা যায়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও শাহ শরফুদ্দিন মাহিন ৪১তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এ সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।