
মো. শফিকুল ইসলাম
মুন্সিগঞ্জ জেলা পুলিশে কর্মরত মোহাম্মদ রবিন আহমেদ কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করায় তাকে নিয়মানুযায়ী র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রবিন আহমেদের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশে তাকে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় তিনি সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পদোন্নতিপ্রাপ্ত সদস্যের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।