
মো. শফিকুল ইসলাম
অদ্য ১৪/০১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আসন্ন গণভোট উপলক্ষে পঞ্চসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রচারণাকালে সাধারণ জনগণকে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের “হ্যাঁ” ভোট প্রদানে উৎসাহিত করা হয়।
প্রচারণায় বক্তারা বলেন, গণভোট হলো জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক মাধ্যম। একটি সচেতন ভোট দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি নাগরিকের উচিত দায়িত্বশীলভাবে গণভোটে অংশগ্রহণ করা।
প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের সচিব জনাব মোঃ করীব হোসেন। তিনি বলেন, “আপনার ভোট, আপনার সিদ্ধান্ত—দেশের ভবিষ্যৎ আপনার হাতে। গণভোটে সক্রিয় অংশগ্রহণই একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি।”
এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা গণভোটকে সফল করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।