শিক্ষাবান্ধব উপহার সামগ্রী বিতরণে ছাত্রশিবিরের উদ্যোগ
মো. শফিকুল ইসলাম ভূঞা
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে শিক্ষাবান্ধব উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখা। বৃহস্পতিবার ২০ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল একাডেমিক সরঞ্জাম, নোটবই, কলম ও তথ্যবহুল লিফলেট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবির শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সৎ ও দক্ষতা নিয়ে এগিয়ে গেলে ডিগ্রি শিক্ষার্থীরাও দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ডিগ্রি কোর্স থেকে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হওয়ার বাস্তব দৃষ্টান্ত আমাদের দেশে আছে। তাই নিজের সক্ষমতাকে ছোট করে দেখার কোনো কারণ নেই।” তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও উচ্চশিক্ষার প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার। তিনি বলেন,
“ডিগ্রি কোর্স কেবল সনদ পাওয়ার পথ নয়; এটি দক্ষ মানবসম্পদ তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষার্থীদের উচিত নিজের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া।”
বিশেষ অতিথি ছিলেন সদ্য বিদায়ী শিক্ষক হুমায়ূন কবির শেখ, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান খান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। অতিথিরা ভবিষ্যৎ ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষা, লক্ষ্য নির্ধারণ, কর্মক্ষেত্র প্রস্তুতি ও ডিজিটাল দক্ষতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
ওরিয়েন্টেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উদ্যোগটির প্রশংসা জানিয়ে বলেন, “অনার্সের পাশাপাশি ডিগ্রি শিক্ষার্থীদের সম্মানিত করায় আমরা কৃতজ্ঞ। এমন উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করে এবং আমরা ভবিষ্যতেও এমন আয়োজনের আশা করি।” শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা প্রস্তুতি, নৈতিক মূল্যবোধ ও ক্যাম্পাসভিত্তিক সৃজনশীল কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা তাদের রয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।