
মো. সাইফুল ইসলাম :
ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রামদয়াল খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শহীদ জিয়া স্মৃতি চায়নিজ বার টুর্নামেন্ট-২০২৫ এর কাঙ্ক্ষিত ফাইনাল খেলা। জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় নওপাড়া একাদশ বনাম আবিরপাড়া একাদশ। অভিজ্ঞ রেফারির পরিচালনায় নির্দিষ্ট সময় খেলা পেড়ুলেও উভয় দল গোল শূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ – ২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় আবিরপাড়া একাদশ।
টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়’র এডহক কমিটির সভাপতি মো. ফারুক উল আলমের সভাপতিত্বে এবং কোলা ইউনিয়ন বিএনপি’র যুবনেতা ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন ঢালী’র সঞ্চালনায় আজকের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
এর আগে টুর্নামেন্ট কমিটি ও কোলা ইউনিয়ন বিএনপি আয়োজনে গত ১৯ জুলাই হতে শুরু হয় এই টুর্নামেন্টটি। বিভিন্ন স্থান হতে আগত টিম একে অপরের মুখোমুখি শেষে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল শেষে ফাইনালের টিকিট পায় নওপাড়া একাদশ এবং আবিরপাড়া একাদশ। বিকেল ৫ ঘটিকায় শুরু হয় ফাইনাল খেলা, মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।
উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আতাউর রহমান হাওলাদার, মো. সিদ্দিক মোল্লা, মো. খলিলুর রহমান, মো. ইয়াছিন সুমন, মো. আক্কাছ আলী, মো. শাহাদাৎ শিকদার, কাজী আরিফুল হক মনু, মো. দেলোয়ার হোসেন, মো. নূরুল ইসলাম ও মো. ওমর ফারুক শিপন, হামিদুল ইসলাম মন্টু, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ প্রমুখ।
বিকেল ৩টার পর হতেই প্রচন্ড গরম উপেক্ষা করে বিভিন্ন স্থান হতে আগত ফুটবলপ্রেমি জনতায় কানায় কানায় পরিপূর্ণ হয় ছাতিয়ানতলী মাঠ। ছেলেবুড়ো থেকে শুরু করে সকল বয়সি মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মাঠ, বলাই বাহুল্য যা আয়োজক কমিটির সবচেয়ে বড় সফলতা। খেলাধুলা বিশেষ করে ফুটবলের প্রতি মানুষের আগ্রহের কোন কমতি ছিলোনা। তাজপুর হতে আগত ষাটোর্ধ্ব নূরু মিয়া জানান, ” খেলাধুলাতো পোলাপাইন ভুলতেই বসেছে আজকাল, তাই কোথাও খেলাধূলার খবর পাইলে আগে আগে চইলা আসি”।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিমকে পুরষ্কার হিসেবে ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ। সেইসাথে রানার্সআপ টিমকে দেয়া হয় ৩২ ইঞ্চি কালার টেলিভিশন। শেখ মো. আব্দুল্লাহ’র সংক্ষিপ্ত বক্তব্যে স্থান পায় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু। তন্মধ্যে উল্লেখযোগ্য, সিরাজদিখান – শ্রীনগরের সার্বিক উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিকাশ, মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ এবং তরুণ প্রজন্মের জন্য সময়োপযোগী কার্যকর পরিকল্পনা ইত্যাদি।
আয়োজক কমিটির সভাপতি মো. ফারুক উল আলম জানান, “একটি সুন্দর সমাজ তথা আধুনিক দেশ গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে মাদক সহ বিভিন্ন খারাপ কাজ হতে বিরত রাখতে দৃঢ় প্রত্যয়ী। আমি আশাবাদী খেলাধুলার এ ধারা অব্যাহত থাকবে এবং দেশে গঠনে তরুণরা অগ্রণী ভূমিকা রাখবে।” আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. মহসীন ঢালী বলেন, “অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল বয়সি মানুষের পাশাপাশি তরুনদেরও প্রাধান্য দিয়েছি এবং আমি চাই তরুণরা আগামীদিনে শিক্ষা,ক্রিড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি একটি সুন্দর আগামী উপহার দিবে।” উল্লেখ্য যে, পুরো টুর্নামেন্ট জুড়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগত দর্শক, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।