
স্টাফ রিপোর্টার
সিরাজদিখানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট সংলগ্ন নতুন বাজারের পাশের পাকা সড়কের ঢাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রনি (২০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার খরিশা পটল (ডিগাওয়া বাড়ী) এলাকার রশিদুল ইসলাম ও রুপালি বেগমের ছেলে। বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলার সুখের ঠিকানা (সত্তার বাড়ী) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে।