
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় আলাউদ্দিন মাস্টারের বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড়ের পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুর রব খন্দকারের ছেলে নূর আলম (৫০) এবং লতব্দী ইউনিয়নের কাঠসাগড়া গ্রামের আব্দুর রব মাঝির ছেলে মো. কামাল (৪৫)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান থানার এসআই মো. আল আমিন। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সর্বমোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।