
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ–৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি শ. ম. কামাল হোসেন।
আজ বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে সুপার মার্কেট সংলগ্ন এলাকায় নেতা-কর্মীদের জমায়েতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে পায়ে হেঁটে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন তারা।
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর লিচুতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণ করা হয়। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ–৩ আসনে শ. ম. কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ইসলামপুরে জুলাই আন্দোলনে শহীদ তিন বীরের কবরস্থানে জিয়ারত করেন তিনি ও তার অনুসারীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে শ. ম. কামাল হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতির পথে এগিয়ে যেতে হবে।
শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।