
আসিফ বাঁধনঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত টানা এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি। এ সময় সিরাজদিখান সার্কেলের এএসপি মোঃ আনোয়ার পারভেজ, থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সকাভেটর (ভেক্যু) অচল করে দেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্টদের নির্মিত অস্থায়ী ছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।