
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পুলিশ লাইন্স ড্রিল শেডে বদলীকৃত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারকে সংবর্ধনা জানানো হয়। বিদায় অনুষ্ঠানে সহকর্মীদের আন্তরিকতা ও স্নেহে সিক্ত হন বিদায়ী এই পুলিশ কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৪ সালের আগস্ট মাসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার শামসুল আলম সরকার ভঙ্গুর প্রশাসনিক পরিবেশকে দ্রুত সুসংগঠিত করে কার্যকর নেতৃত্বের মাধ্যমে পুলিশি কার্যক্রমকে গতিশীল করেন। তার নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করে এবং পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আরও সুদৃঢ় হয়।
বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে স্মরণ করেন—জেলাজুড়ে সাধারণ সদস্য থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মানবিক আচরণ, দিকনির্দেশনা ও সহযোগিতা ছিল পুলিশ সুপারের প্রশাসনিক সাফল্যের ভিত্তি। অধস্তন সদস্যদের প্রতি উর্ধ্বতন কর্মকর্তার এমন উদারতা ও সহমর্মিতা জেলার পুলিশের মাঝে এক অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী পুলিশ সুপারের ভবিষ্যৎ কর্মজীবনের আরও অগ্রগতি, ব্যক্তিগত জীবনে শান্তি এবং পরিবারের মঙ্গল কামনা করেন।