
মো. শফিকুল ইসলাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে ‘খ’ বিভাগে সেরা শিক্ষার্থী নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে ‘খ’ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে সুমাইয়া ইসলাম মুন। পাশাপাশি নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করে নিজের মেধা, মনন ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে সে। সুমাইয়া মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন কৃতী শিক্ষার্থী।
মুন্সিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গত সোমবার (১২ জানুয়ারি) মুন্সিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরদিন মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা ও সামগ্রিক মেধার বিচারে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে সুমাইয়া ইসলাম মুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও সুমাইয়া মুন্সিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল। সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্য দিয়ে এবার সে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করবে।
সুমাইয়া ইসলাম মুন মুন্সিগঞ্জ জেলার মো. সাইফুল ইসলাম ও ফাতেমা আক্তার দম্পতির সুযোগ্য কন্যা। তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে পরিবার, বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। শিক্ষকরা সুমাইয়ার অধ্যবসায়, শৃঙ্খলা ও লক্ষ্যনিষ্ঠতার প্রশংসা করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সুমাইয়া ইসলাম মুন বলেন,
“এই অর্জন আমার একার নয়। আমার শিক্ষকবৃন্দ ও বাবা-মায়ের অক্লান্ত সহযোগিতা ও দিকনির্দেশনাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমি যেন ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও মুন্সিগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করতে পারি—সেজন্য সবার দোয়া কামনা করছি।”
তার এই গৌরবজনক সাফল্যে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়ে সুমাইয়া ইসলাম মুনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।