
স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মোঃ মাসুদুর রহমান মিরকাদিম পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও অবকাঠামো কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়কে ফুলের বাগানে রূপান্তরের প্রকল্প ঘুরে দেখেন। একই সঙ্গে ইছামতী খাল খননের অংশ হিসেবে খইলপট্টি ব্রিজ থেকে কমলাঘাট ব্রিজ পর্যন্ত এলাকা পরিদর্শন করেন।
এছাড়া তিনি মিরকাদিম বাজারে পাবলিক টয়লেট স্থাপনের সম্ভাব্য স্থান, মিরকাদিম ব্রিজ থেকে সুধারচর যাওয়ার সংযোগ সড়ক এবং মিরকাদিম বাজার মোড় থেকে দুধপট্টি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন। নগরকসবা মোড়ে যাত্রী ছাউনি নির্মাণের স্থানও পরিদর্শনের আওতায় আসে।
পরিদর্শনসূচিতে আরও ছিল মিরকাদিম নদী বন্দর (লঞ্চঘাট) এলাকার ড্রেজিং কাজ এবং পৌরভবনের পেছনে পেঁপে বাগান স্থাপন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিন তিনি মাদকবিরোধী ও ধূমপানবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে “মাদককে না বলি, ধূমপান থেকে বিরত থাকি” শীর্ষক লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচিও পরিচালনা করেন।