
অনিক শেখ, স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলায় প্রায় ৬ হাজার আনসার ও ভিডিপি সদস্য নিয়ে একটি নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুন্সিগঞ্জ শহরের স্টেডিয়াম মাঠে এই সভার আয়োজন করা হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আইয়ুব আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. আলমগীর চৌধুরী, শ্রীনগর আনসার-ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান, টঙ্গীবাড়ী উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা, লৌহজং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সকল ভিডিপি দলনেত্রী এবং আনসার সদস্যরা।
প্রস্তুতিমূলক সভায় জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ৬ হাজার ৯৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। এর মধ্যে প্রতি কেন্দ্রে ২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে সদস্য অস্ত্রসহ মোতায়েন থাকবেন।
তিনি আরও জানান, মোট ১৩টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এর মধ্যে প্রতিটি উপজেলায় ২টি করে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত থাকবে। দায়িত্ব পালনকালে সকল আনসার-ভিডিপি সদস্যের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে অ্যাপ বা মোবাইল ফোনের মাধ্যমে জেলা কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।