বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট এন্ড প্লানার্স সোসাইটির উদ্যোগে “গ্র্যান্ড গেট-টুগেদার ও ডিসকাশন মিটিং ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
আয়োজনে বিক্রমপুর-মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদরা অংশগ্রহণ করেন, যারা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। দিনব্যাপী আলোচনা সভায় পেশাগত উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অবদান রাখার নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে এবং স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনা সভার পাশাপাশি অংশগ্রহণকারীরা গ্রুপ ফটো, মধ্যাহ্নভোজ, রিসোর্টের সুইমিংপুলে সাতার এবং বিভিন্ন বিনোদনমূলক আড্ডায় মেতে ওঠেন।
বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট এন্ড প্লানার্স সোসাইটি জানিয়েছে, অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।