
স্টাফ রিপোর্টার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুন্সিগঞ্জের দুই বিএনপি নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।
একইভাবে মুন্সিগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অপসারণের পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সিগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন কামরুজ্জামান রতন।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।