মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খাসমহল বালুচর দক্ষিণপাড়া ডিসি প্রজেক্টে অবস্থিত স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ।
হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক ও বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর, বয়রাগাদি ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন নিলয়, বয়রাগাদি ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ শাহআলম।
নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিক স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ জাহিদ হাসান, সমাজসেবক দিন ইসলাম, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির সাবেক সহকারী শিক্ষক মোঃ কিবরিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ ফয়সাল আহম্মেদ, শিক্ষক মোঃ মাহিদুল, মোঃ আপেল মাহামুদ, ইয়াসমিন, বিথী আক্তার, সিনথিয়া আক্তার, মোঃ মনিরুজ্জামান, সমাজসেবক হানিফ বেপারীসহ শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।