আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সিগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব ও ব্রিফিং প্রদান করেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করার ওপর জোর দেন। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনকালে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কঠোরভাবে অনুসরণ করার পাশাপাশি প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বজায় রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন তিনি।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব মো. আনোয়ার পারভেজ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব লিজা আক্তার ও জনাব শাহ শরফুদ্দিন মাহিন।
এছাড়াও মুন্সিগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিট ইনচার্জ এবং নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্য ব্রিফিং প্যারেডে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।