মো. শফিকুল ইসলাম
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের ‘প্রজাপতি’ সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে মুন্সিগঞ্জ জেলার জন্য গৌরব বয়ে এনেছে মেধাবী শিক্ষার্থী তনিমা আক্তার। অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তনিমা আক্তারকে সংবর্ধনা প্রদান করেন মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় তনিমা আক্তারকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন, তনিমা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের মাধ্যমে মুন্সিগঞ্জ তথা পুরো বাংলাদেশের সুনাম উজ্জ্বল করবে। একই সাথে তিনি তনিমার ধারাবাহিক উন্নতি, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনগুলোতে তার খেলাধুলা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক জনাব নুরুল ইসলাম। কৃতি সাঁতারু তনিমার সাফল্যে তারা আনন্দ প্রকাশ করেন এবং তার ভবিষ্যৎ প্রচেষ্টায় সার্বিক সমর্থনের কথা জানান।
সাঁতারের জাতীয় মঞ্চে মুন্সিগঞ্জের নাম উজ্জ্বলকারী তনিমা আক্তার মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের স্থায়ী বাসিন্দা। সে স্থানীয় ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তার
সাফল্যে পুরো এলাকজুড়ে আনন্দের জোয়ার বইছে।