
প্রকৃতির সৌন্দর্যের আড়ালে মাদকের আড্ডা, উদ্বেগে জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দারা
মিলন হাওলাদার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে নওপাড়া যাওয়ার সড়কটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। চারপাশের মনোরম পরিবেশ প্রতিদিন পথচারীদের আকৃষ্ট করলেও, স্থানীয়দের অভিযোগ—রাত নামলেই এই নির্জন এলাকাটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, রাতের বেলায় বিভিন্ন এলাকা থেকে একদল যুবক এখানে জড়ো হয়ে মাদকসেবন করে। অভিযোগ রয়েছে, জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া, ভবানীপুর ও আমের এলাকার কিছু যুবকের পাশাপাশি লৌহজং উপজেলার বউলতলী ইউনিয়নের নওপাড়া এবং শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাওঁগ্রামের কিছু যুবকও সেখানে আসা-যাওয়া করে।f
এলাকাবাসীর আরও দাবি, স্কুল-কলেজের কিছু শিক্ষার্থীও ক্লাস ফাঁকি দিয়ে দিনের বেলায় এই সড়কের নির্জন স্থানে আড্ডা দেয়, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল, মাদকবিরোধী অভিযান এবং প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এই এলাকার তরুণ সমাজ আরও বেশি বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে।