টঙ্গিবাড়ী প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন সরকারি খাস নাল জমি অবৈধভাবে ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়া বলেছেন, “ফ্যাসিস্ট আমলেও কেউ এই জমি ভরাট করার সাহস করেনি। এখনো কোনোভাবেই এটি অবৈধভাবে ভরাট করতে দেওয়া হবে না।”
শনিবার (১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের খালপাড়ে ড্রেজারের পাইপ বসিয়ে মাটি ফেলে নাল জমি ভরাট করা হচ্ছে। স্থানীয়দের দাবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশেই উচ্চ শব্দে ড্রেজার চললেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
জানা যায়, অতীতে টঙ্গীবাড়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ওই জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেছিল। তবে তৎকালীন সরকার পরিবেশগত কারণ বিবেচনায় আবেদনটি নাকচ করে দেয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলো-বাতাসের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত সৌন্দর্য রক্ষার স্বার্থে জমিটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত থেকে টঙ্গীবাড়ী সোবহান কোল্ড স্টোর-সংলগ্ন খালে ড্রেজার বসিয়ে প্রতি রাতে মাটি ফেলা হচ্ছে।
টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবু বকর মোল্লা বলেন, “মুক্তিযোদ্ধাদের দখলে থাকা নাল জমি ভরাটের খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসিন মিয়া বলেন, “বিষয়টি জেলা প্রশাসক, ইউএনও ও সহকারী কমিশনার (ভূমিকে) জানিয়েছি। প্রয়োজনে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি তুলে ধরা হবে।”
এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “কারা সরকারি জমি ভরাট করছে, তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”