
বেঁটে মতোন লম্বা করে
আবুল সাবের খোঁজে সেদিন অফিসে তার শালা যায়
যেতে যেতে পাঁচটা বাজায় মেইন গেটে প্রায় তালা যায়।
তালা দেয়া গার্ডকে তবু জিগায় শালা বাবুল ভাই-
চাচা আছে কন তো দেখি আজ অফিসে আবুল ভাই।
চাচা বলে কোন সে আবুল পদবী কী? সরকার নাকি খান?
শালা বলে বেঁটে মতোন লম্বা করে চিবান খালি পান।
কথা শুনে বুড়া চাচা ভিমরি খেয়ে মাথায় রেখে হাত
উথালপাথাল ভেবেটেবে আতকা করেন দরকারি সেই বাত-
বেঁটে মতোন লম্বা করে! কন তো মানুষ তা কেমনে হয়?
-নানান জাগায় দেখলে পরে তখন এমন তাকে মনে হয়!
বুঝলাম না একটু যদি বুঝাই দিতেন এই মারেফতটাই
খুবই সহজ বলছি চাচা, বলার জন্য একটা মিনিট চাই।
বেঁটের পাশে দাঁড়াইলে তো লম্বা তিনি তখন সুনিশ্চিত
লম্বুর পাশে বেঁটে ফের; দিলে পরেও বিশ কাত আর উনিশ চিত!
দারোয়ান চাচা ঘাড়ের মাচা ঝাঁকাইয়া কয় ভাতিজারে
আমরা কইতাম ঐরাবত আজ তোমরা বলো হাতি যারে।
সেই কাহিনী আনলা তয় আজ কিন্তু আবুল সাবই আসে নাই
বেঁটে মতোন লম্বা বা লম্বা মতোন বেঁটে চোখে ভাসে নাই।